সকাল হতে না হতেই ভ্যাপসা গরম, দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে অসহনীয় অবস্থা। রাতের দিকে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে অস্বস্তি কাটছে না। দক্ষিণবঙ্গের কিছু জেলায় আবার অসহনীয় অবস্থা। আগামী ২৪ ঘণ্টাও অসহনীয় গরম থেকে পরিত্রাণ মিলবে না। তারপরই বদলাতে পারে আবহাওয়া।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৫, ১৬ ও ১৭ মে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ মে পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। ১৫ মে বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যত্র গরম বজায় থাকবে। ১৬ মে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ঝড়-বৃষ্টি প্রত্যাশিত। এরপর ১৭ তারিখও কম-বেশি ঝড়-বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ জেলায় ১৭ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া হতে পারে। আপাতত যে পূর্বাভাস তাতে আগামী ২৪ ঘণ্টায় গরম কমার তেমন কোনও সম্ভাবনা নেই। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।











