৪ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ২১ সেপ্টেম্বর ২০২৬

ক্যানসার কেড়ে নিল প্রাণ, মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান

 প্রয়াত হয়েছেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়।

High News Digital Desk:

প্রয়াত হয়েছেন সত্তর ও আশির দশকের জনপ্রিয় বিশিষ্ট অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। তাঁর প্রয়াণে বাংলা ও হিন্দি চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। ক্যান্সারের সঙ্গে লড়াই থামল তাঁর। রবিবার রাতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রবীণ অভিনেত্রী মিঠু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। মিঠু মুখোপাধ্যায়ের শেষ ছবি ‘আশ্রিতা’। ছবিটি দর্শকের বিপুল সাড়া পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি এই ছবির প্রযোজকও ছিলেন অভিনেত্রী।

শুধু বাংলাতেই নয়, বলিউডেও নিজের প্রতিভা মেলে ধরেছিলেন মিঠু মুখোপাধ্যায়। ‘দিল্লাগি’, ‘তু চোর ম্যাঁয় সিপাহী’, ‘দো লড়কে দোনো কড়কে’ এবং ‘খানদান’-এর মতো হিন্দি ছবিতে ধর্মেন্দ্র, অমল পালেকর, বিনোদ মেহরার মতো তারকাদের সাথে পর্দা ভাগ করে নিয়েছিলেন তিনি। অভিনয় জীবনের মধ্যগগনেই ধীরে ধীরে সিনেমা জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি এবং ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেছিলেন। দীর্ঘকাল রুপোলি পর্দা থেকে দূরে থাকলেও দর্শক হৃদয়ে তাঁর চরিত্রগুলি অমলিন থেকে গিয়েছে। তাঁর প্রয়াণে টলিউড ও বলিউডের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।

Scroll to Top