২ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২৬

কুলগামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই

High News Digital Desk:

জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর অভিযানে এক জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। পুলিশের দাবি, লতিফ নামে স্থানীয় ওই জঙ্গি এখন একটি মসজিদের ভিতরে রয়েছে। তাকে আত্মসমর্পণ করানোর জন্য দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়েও সাড়া মেলেনি। পরিস্থিতি সামাল দিতে সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী।

কুলগামের পুলিশ সুপার আনায়াত আলি জানান, পুলিশের কাছে নির্দিষ্ট সূত্রে খবর আসার পরই অভিযান শুরু হয়। অন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। লতিফ যাতে আত্মসমর্পণ করে, সে জন্য প্রথম থেকেই চেষ্টা চালানো হয়েছে। ফোনে তার সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকেরা। এমনকী পুলিশ সুপার নিজেও ভিডিও কলে তার সঙ্গে কথা বলেন। দীর্ঘক্ষণ বোঝানোর পরেও সে আত্মসমর্পণে রাজি হয়নি। শেষ পর্যন্ত রাত ২টো ৪৫ মিনিট নাগাদ একটি মসজিদে ঢুকে গুলি চালায় সে।

মসজিদের যাতে ক্ষতি না হয়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তাঁর কথায়, তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ করতে চাইছে না বাহিনী। জঙ্গিকে আত্মসমর্পণের জন্য আরও সময় দেওয়া হবে। প্রয়োজন হলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতেও প্রস্তুত নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ করা হবে।

পুলিশ সুপারের দাবি, গত বছরের ১৮ নভেম্বর লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত হয়েছিল লতিফ। সে নিজেও উগ্রপন্থী ভাবধারায় প্রভাবিত ছিল। সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে কাশ্মীরের শান্তি, পর্যটন ও অর্থনীতিতে আঘাত হানার চেষ্টা করছিল সে। এর আগে তিন থেকে চারটি হামলায় তার জড়িত থাকার অভিযোগও করেছেন আনায়াত আলি। তাঁর মতে, এই অভিযান সফল হলে ২০২৬ সালে নিরাপত্তা বাহিনীর অন্যতম বড় সাফল্য হবে।

Scroll to Top