বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরের (এনএসসিবিআই) ডোমেস্টিক কার্গো এলাকা থেকে বিপুল পরিমাণ সোনা ও হিরে উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। রিসিভারের হাতে সামগ্রী পৌঁছনোর সময়ই সোনা ও হিরের হদিস মেলে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মহার্ঘ ধাতুর আনুমানিক মূল্য কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে এনএসসিবিআই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। উদ্ধার হওয়া সোনা ও হিরে কোথা থেকে আনা হয়েছিল, কার নির্দেশে সেগুলি বিমানবন্দরে পৌঁছেছিল এবং এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ।তদন্তকারীরা ধৃত ব্যক্তির সঙ্গে আরও কারা যুক্ত, সেই বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ডোমেস্টিক কার্গোর মাধ্যমে এই বিপুল পরিমাণ মূল্যবান সামগ্রী কীভাবে আনা হয়েছিল, তার নথিপত্রও পরীক্ষা করে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনা ও হিরের সঠিক পরিমাণ এবং বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া চলছে। তদন্তের স্বার্থে ধৃত ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা করছেন আধিকারিকরা। এই ঘটনার সঙ্গে কোনও আন্তর্জাতিক পাচারচক্রের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।










