৭ অগ্রহায়ণ ১৪৩৩ সোমবার ২৩ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩ সোমবার ২৩ নভেম্বর ২০২৬

কলকাতার নামী হোটেল থেকে জার্মান পর্যটকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

High News Digital Desk:

মহানগরীর প্রাণকেন্দ্র নিউমার্কেট থানা এলাকার একটি নামী হোটেল থেকে এক জার্মান নাগরিকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে সোমবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়াল। মৃত ওই বিদেশি পর্যটকের নাম থমাস মিন্টেন, বয়স ৬৭ বছর। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘর থেকে তাঁর পচনধরা দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গিয়েছে, ট্যুরিস্ট ভিসায় গত ২১ নভেম্বর (শনিবার) কলকাতায় এসেছিলেন ৬৭ বছর বয়সি থমাস মিন্টেন। তিনি নিউমার্কেট থানা এলাকার ‘পিয়ারলেস হোটেল’-এর ১৬০২ নম্বর ঘরে উঠেছিলেন। আগামী ২৫ নভেম্বর তাঁর বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল।

তদন্তে প্রাথমিকভাবে জানা গিয়েছে, কলকাতায় আসার পর তিনি শহর ঘোরার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু দুপুরের দিকে শারীরিক অসুস্থতা বোধ করায় মাঝপথ থেকেই হোটেলে ফিরে আসেন। এরপর থেকে তাঁর আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। সোমবার সকাল প্রায় ৯টা ৪১ মিনিট নাগাদ হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে তাঁকে অচৈতন্য ও পচনধরা অবস্থায় উদ্ধার করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউমার্কেট থানার পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার আধিকারিকরা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে এবং হোটেলের সিসিটিভি ফুটেজ ও কর্মীদের বয়ান খতিয়ে দেখা হচ্ছে।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শারীরিক অসুস্থতার জেরেই তাঁর মৃত্যু হয়েছে নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। গোটা ঘটনার প্রয়োজনীয় তদন্ত চলছে।

Scroll to Top