কলকাতা : কলকাতার বুকে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার প্রতিবাদে উত্তাল রাজ্য রাজনীতি। লাগাতার বিক্ষোভে চিকিৎসক সমাজ। পাশে এসে দাঁড়িয়েছেন রাজনৈতিক দলের নেতানেত্রী। এগিয়ে এসেছে সুশীল সমাজও। প্রতিবাদে সরব সাংস্কৃতিক জগতের পরিচিত ব্যক্তিরা। চিকিৎসক তরুণীর নৃশংস হত্যার বিচার চেয়ে সোচ্চার অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায় ,কৌশিক গাঙ্গুলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার এই ঘটনা নিয়ে প্রতিবাদে সামিল হলেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
চিকিৎসক তরুণীর মৃত্যু হতবাক করেছে সকলকে। এই নারকীয় ঘটনা কবির মনকে বিচলিত করবে না, তা কি হয়! যে কবির কলম প্রেম ঢেলে দেয় তার লেখায় , সেই কলমেই এবার প্রতিবাদের গর্জন। সোশ্যাল মিডিয়ায় কবির লেখায় ছত্রে ছত্রে ফুটে উঠেছে এক নারীর মৃত্যুযন্ত্রণা।
ন-মাস গর্ভে সন্তান ধারণ করে পৃথিবীর আলো দেখায় যে নারী, সেই নারীই আবার লালসার শিকার। রাতের অন্ধকারে সেই নারীই কতটা অসহায়। প্রতিবাদী এই লেখার মাধ্যমে কবি মনে করিয়েছেন নারী রূপে মায়ের কথা।
নিজের সোশ্যাল মিডিয়ায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছেন “আরজি করের এই ঘটনাকে নিন্দনীয় বললে খুব কম বলা হয়। এ এক অভাবনীয় অপরাধ। অপরাধী যে -ই হোক ,তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। আমি একজন নাগরিক হিসেবে সেই প্রত্যাশায় থাকব।”
নৃশংস এই খুনের ঘটনার প্রতিবাদে রাজপথে অব্যাহত বিক্ষোভ, মিছিল। প্রতিবাদে গর্জে উঠেছে গোটা বাংলা। মুখ্যমন্ত্রীও পুলিশকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন। উঠেছে দোষীদের ফাঁসির দাবিও। একদিকে ঘটনার পিছনে কারা দোষী, তা খুঁজতে চলছে তদন্ত, অন্যদিকে এই নারকীয় ঘটনায় লজ্জায় মুখ ঢাকছে গোটা সমাজ।









