প্রাক্তন রাষ্ট্রপতি ও বিশিষ্ট বিজ্ঞানী ভারতরত্ন ড. এ পি জে আবদুল কালামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্টে কালামের বিজ্ঞানক্ষেত্রে অবদান, দেশপ্রেম, দূরদর্শী নেতৃত্ব এবং তরুণ প্রজন্মের প্রতি আস্থার কথা তুলে ধরেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লেখেন, ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ হিসেবে পরিচিত ড. কালাম লক্ষ লক্ষ মানুষকে বড় স্বপ্ন দেখতে এবং দেশের জন্য নিরলসভাবে কাজ করতে অনুপ্রাণিত করেছেন। ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে তাঁর উল্লেখযোগ্য অবদান এবং তাঁর গভীর বিনয় আজও দেশকে পথ দেখায় বলে মন্তব্য করেন তিনি।
তরুণ প্রজন্মের উপর কালামের আস্থার প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু জানান, ক্ষমতায়িত ও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে তাঁর আদর্শ আজও প্রাসঙ্গিক। জন্মবার্ষিকীতে প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
ড. এ পি জে আবদুল কালামের জন্ম ১৯৩১ সালের ১৫ অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে। তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি হিসেবে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ক্ষেপণাস্ত্র ও মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি ‘মিসাইল ম্যান অফ ইন্ডিয়া’ নামে পরিচিত। ১৯৯৭ সালে তাঁকে ভারতরত্নে সম্মানিত করা হয়।











