দেশব্যাপী এমজিএনরেগা সংগ্রাম কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৭ ফেব্রুয়ারি আগরতলায় লোকভবন অভিযান সফল করার লক্ষ্যে মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলা কংগ্রেস ভবনে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে আলোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।
জেলা ও ব্লক স্তরের কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং কর্মসূচির সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতেই এই বৈঠকের আয়োজন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। একই সঙ্গে আগামী দিনে কংগ্রেসের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির রূপরেখা ও বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা আগরতলায় নির্ধারিত কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, এমজিএনরেগা সংক্রান্ত দাবিদাওয়া নিয়ে লোকভবন অভিযানে বৃহৎ সংখ্যায় কর্মী-সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করতে দল তৃণমূল স্তর পর্যন্ত প্রস্তুতি নিচ্ছে।
এদিন তিনি ৫৬-ধর্মনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচন প্রসঙ্গেও মন্তব্য করেন। আশীষ কুমার সাহা জানান, উপনির্বাচনে বিজেপি-এর বিরুদ্ধে লড়াই করাই কংগ্রেসের প্রধান লক্ষ্য এবং সেই অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে।
বৈঠকে প্রদেশ সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্য, উত্তর জেলা কংগ্রেস সভাপতি দ্বীগবিজয় চক্রবর্তীসহ জেলা ও ব্লক স্তরের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দ।
এদিন কংগ্রেস দলে যোগদান করেন ধর্মনগর বারের দুই আইনজীবী জোসেফ হালাম ও কল্পজ্যোতি নাথ এবং যুবরাজনগর বিধানসভা এলাকার শাসকদলীয় এক প্রাক্তন পঞ্চায়েত সদস্য। নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন কংগ্রেস নেতৃত্ব।










