২৯ মাঘ ১৪৩২ শনিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২ শনিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

উত্তরকাশীর জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ড

High News Digital Desk:

উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় অবস্থিত আপার যমুনা বন বিভাগের অন্তর্গত বনাঞ্চলে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নওগাঁও এলাকার জঙ্গলে লাগা আগুন ইতিমধ্যেই বিশাল আকার ধারণ করেছে, যা বন বিভাগের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যমুনা উপত্যকার নওগাঁও-পুরোলা মোটর রোডের উল্টোদিকে থলি গ্রামের পাশের জঙ্গলে এই বিধ্বংসী আগুন জ্বলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়েছে এবং চোখের নিমেষেই বনাঞ্চলের এক বড় অংশ আগুনের লেলিহান শিখায় ঢেকে গিয়েছে। অনেক দূর থেকেও আগুনের শিখা স্পষ্ট দেখা যাচ্ছে।

জঙ্গলে লাগা আগুনের জেরে গোটা এলাকায় ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়েছে। আকাশ ধোঁয়ায় ঢেকে যাওয়ায় পার্শ্ববর্তী জনবসতিপূর্ণ এলাকায় ধোঁয়াশার মতো পরিবেশ তৈরি হয়েছে। এতে দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারা বায়ু দূষণের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই বনাঞ্চলের আগুনে বহু হেক্টর জমির বনজ সম্পদ পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বিপন্ন হয়ে পড়েছে বন্যপ্রাণীদের জীবন। ধোঁয়া ও আগুনের হাত থেকে বাঁচতে বন্যপশুরা লোকালয়ে ঢুকে পড়তে পারে, এর ফলে মানুষ ও বন্যপ্রাণের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, ডেপুটি রেঞ্জার সাধু লাল জানিয়েছেন, বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। প্রশাসন পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা জারি রয়েছে।

Scroll to Top