পাইলটদের উড়ান ও বিশ্রামের সংশোধিত সময়সীমা বুধবার থেকে কার্যকর করছে ইন্ডিগো। বিমান চলাচল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (ডিজিসিএ) নির্দেশ মেনে উড়ান নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ। গত বছর উড়ান বিভ্রাটের জেরে পাওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হয়েছে। নতুন নিয়মে পাইলটদের বিশ্রামের সময় বৃদ্ধি এবং রাতে উড়ান নিয়ন্ত্রণে কড়াকড়ি থাকছে। এদিন থেকে পাইলট ও কেবিন ক্রু–দের ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (এফডিটিএল)–এর নতুন নিয়ম চালু হচ্ছে। তাতে পাইলট ও ক্রু–দের আরও বেশি করে বিশ্রাম দিতে হবে। এই নিয়ম গত নভেম্বরে চালু হয়েছিল। তার অভিঘাতে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন্ডিগোর প্রচুর বিমান বাতিল হতে শুরু করে। বাধ্য হয়ে কেন্দ্র সেই নতুন এফডিটিএল তুলে নেয়। তখনই বলা হয়েছিল, প্রস্তুতির জন্য সময় দেওয়া হচ্ছে| নতুন এফডিটিএল বুধবার থেকে শুরু হচ্ছে।











