নয়াদিল্লি : দিনকয়েক হল, ফিরেছেন ইউক্রেন সফর থেকে। আন্তর্জাতিক রাজনীতিতে সেখানকার পরিস্থিতি নিয়ে দেশে ফিরেও সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবারই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে এই নিয়ে কথা হয়েছে তাঁর। এক্স (X) হ্যান্ডলে সে’কথা নিজেই প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়েও জো বাইডেনের সঙ্গে ফোনালাপে আলোচনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের (Vladimir Putin) সঙ্গেও দূরভাষে বক্তব্য বিনিময়।
আজ দুপুর ২টো ৪৪ মিনিটে এক্স (X) হ্যান্ডলে প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা হল। ২ দেশের বিশেষ বিশেষ পারস্পরিক কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও। ইউক্রেনে আমার সাম্প্রতিক সফর থেকে উঠে আসা উপলব্ধি তাঁকে বলেছি।’
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘ সংঘর্ষ বিষয়ে আমাদের দেশ ভারতবর্ষ কী ভাবছে? পুতিনের সঙ্গে আলোচনায় সেই বিষয়টি উঠে এসেছে নিশ্চয়ই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে প্রকাশিত তাঁর পোস্টে তা সামনে এনেছেন। তিনি লিখেছেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের দ্রুত মীমাংসা হোক। স্থায়ীভাবে মীমাংসা হোক। মীমাংসা হোক শান্তি সুনিশ্চিত করে। এ’ব্যাপারে ভারতের দৃঢ় ও পূর্ণ সমর্থন রয়েছে বলে রুশ প্রেসিডেন্টকে দূরভাষে জানিয়েছি।’
এক্সে (X) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্ট ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে চর্চা। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ-পরিস্থিতি কি ভারতের মধ্যস্থতায় সত্যিই মিটতে চলেছে? এই প্রশ্নের উত্তর অবশ্য এখনই পেয়ে যাওয়ার সময় আসেনি।







