২৪ আষাঢ় ১৪৩৩ শুক্রবার ১০ জুলাই ২০২৬
২৪ আষাঢ় ১৪৩৩ শুক্রবার ১০ জুলাই ২০২৬

আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের বাড়ছে বেতন! ১ আগস্ট থেকে কার্যকর l

রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হচ্ছে নতুন সম্মানিক।

High News Digital Desk:

রাজ্যের আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্য সুখবর। বাজেটের প্রতিশ্রুতি পূরণ করে এবার তাঁদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করল রাজ্য সরকার। এই মর্মে রাজ্য নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই সরকারি বিজ্ঞপ্তির কপিটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে এই সিদ্ধান্তের কথা ভাগ করে নিয়েছেন।নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ দফতরের ৯ জুলাই, ২০২৬-এর নির্দেশিকা অনুসারে, আগামী ১ অগাস্ট, ২০২৬ থেকে এই বর্ধিত সাম্মানিক কার্যকর হতে চলেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত সাম্মানিক এক ধাক্কায় বেড়ে দাঁড়াচ্ছে ৯,৫০০ টাকা (যেখানে আগের ৪,৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা যোগ করা হয়েছে)। এর সঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে প্রাপ্য ৪,৫০০ টাকা যুক্ত হলে তাঁদের সর্বমোট মাসিক সাম্মানিক গিয়ে দাঁড়াবে ১৪,০০০ টাকায়।

একইভাবে আর্থিক সুবিধা পাবেন অঙ্গনওয়াড়ি সহায়িকারাও। তাঁদের অতিরিক্ত সাম্মানিক বাড়িয়ে ৯,৫৫০ টাকা করা হয়েছে (আগের ৪,৫৫০ টাকার সঙ্গে অতিরিক্ত ৫,০০০ টাকা যুক্ত করে)। এর সঙ্গে কেন্দ্রীয় অংশের ২,২৫০ টাকা যোগ করলে তাঁদের মোট মাসিক সাম্মানিক হবে ১১,৮০০ টাকা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, এই অতিরিক্ত সম্মানিকের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বহন করবে। সরকারি এবং বেসরকারি— উভয় সংস্থা দ্বারা পরিচালিত আইসিডিএস  প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাই এই বর্ধিত আর্থিক সুবিধা পাবেন।

পাশাপাশি, রাজ্যের আশাকর্মীদের মাসিক বেতনও এক লাফে অনেকটাই বাড়ানো হয়েছে। তাঁদের আগের ৬,২৫০ টাকা বেতনের সঙ্গে আরও ৫,০০০ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই বাম্পার বেতন বৃদ্ধির ফলে এখন থেকে আশাকর্মীদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াল ১১,২৫০ টাকা। রাজ্য সরকারের এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া সংশ্লিষ্ট মহলগুলিতে।

Scroll to Top