সেই ২০০৮ সালে প্রথম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খেলেছিলেন রবিন উথাপ্পা, সেই ফ্র্যাঞ্চাইজিতে বৃহস্পতিবার তিনি ফিরলেন নতুন পরিচয়ে।
মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে ব্যাপক রদবদলের প্রক্রিয়ায় এই দলের সঙ্গে যুক্ত হলেন উথাপ্পা। পাঁচবারের চ্যাম্পিয়নদের ব্যাটিং কোচের দায়িত্ব নিচ্ছেন প্রাক্তন এই ব্যাটসম্যান।
আগের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মুম্বইয়ের প্রধান কোচের। তার জায়গাতেই নিয়োগ পেলেন উথাপ্পা।
উথাপ্পা ভারতের হয়ে খেলেছেন ৪৬ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন তিনি। তবে আইপিএলে খেলেছেন ২০২২ আসর পর্যন্ত।
প্রথম আইপিএলের পর দুই মরসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন উথাপ্পা। এরপর তিন মরসুম পুনে ওয়ারিয়র্সে, ছয় মরসুম খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। পরে রাজস্থান রয়্যালসে এক মরসুম ও চেন্নাই সুপার কিংসে দুই মরসুম খেলে আইপিএল কেরিয়ার শেষ করেছেন। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার ও বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। ৪০ বছর বয়সী প্রাক্তন এই ক্রিকেটার প্রথমবার বড় দায়িত্ব পেলেন কোচিংয়ে।










