আগামী ১৪ ফেব্রুয়ারি একদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে উজান অসম এবং গুয়াহাটিতে নির্ধারিত কর্মসূচিতে ব্যস্ত থাকবেন তিনি, আজ বুধবার প্রধানমন্ত্রীর সম্পূর্ণ সফরসূচির তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী জানান, এদিন (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭-টা ১৫ মিনিটে নয়াদিল্লি থেকে যাত্ৰা করে সকাল ৯-টা ৫০ মিনিটে চাবুয়া এয়ারফিল্ডে অবতীর্ণ করবেন প্রধানমন্ত্রী। চাবুয়া থেকে তিনি মরানের উদ্দেশে রওয়ানা হয়ে সকাল ১০টায় অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে অবতরণ করার কথা প্রধানমন্ত্রীর। মরানের কর্মসূচিতে যুদ্ধবিমানের এয়ারশো অনুষ্ঠিত হবে। একাধিক যুদ্ধবিমান হাইওয়ে এয়ারস্ট্রিপে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। এতে এই অঞ্চলের পরিকাঠামোগত প্রস্তুতি ও কৌশলগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে।
মরানের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মোদী অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড থেকে রওয়ানা হয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে গুয়াহাটি বিমানবন্দরে অবতীর্ণ করবেন। বেলা ১.০০টায় তিনি ব্রহ্মপুত্রের ওপর নির্মিত গুয়াহাটি–নর্থ গুয়াহাটি সংযোগী সেতুর উদ্বোধন করে সেতুটি পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এই সেতুকে শুধু একটি পরিকাঠামো প্রকল্প নয়, স্থানীয় পিডব্লিউডি ইঞ্জিনিয়ারদের নির্মিত এক স্থাপত্য কৃতিত্ব হিসেবে উল্লেখ করেছেন।
সেতু উদ্বোধনের পর প্রধানমন্ত্রী লাচিত ঘাটে গিয়ে বঙ্গরা আইটি সিটিতে আইআইএম গুয়াহাটির অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করবেন। প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাসের জন্য পালাশবাড়িতে ইতিমধ্যে জমি বরাদ্দ করা হয়েছে। এছাড়া তিনি আমিনগাঁওয়ে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) কর্তৃক নির্মিত এআই-সমর্থিত হাইপারস্কেল ডেটা সেন্টারের উদ্বোধন করবেন।
পাশাপাশি, টেকসই গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী রাজ্যকে ১০০টি বৈদ্যুতিক বাস উৎসর্গ করবেন এদিন।
বেলা ২.০০টায় খানাপাড়ায় গিয়ে বিজেপির বুথ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচিতে প্রায় এক লক্ষ বুথ-স্তরের দলীয় কার্যকর্তা উপস্থিত থাকার কথা। একদিনের সফর শেষ করে এদিনই সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে যাত্ৰা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।










