মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার সোনাপুকুর–শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরোজ পশ্চিমপাড়া গ্রামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুবিয়া সুলতানা (২৩)। অভিযোগ, ভোররাতে স্বামী রবিউল ইসলাম স্ত্রীকে গলা টিপে হত্যার পর নিজেই হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহটি বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ইতিমধ্যেই একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সামান্য অর্থ নিয়ে স্বামী–স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল, যা স্থানীয় স্তরে মিটেও যায়। তবে তার পরেই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি মনিরুল ইসলাম জানান, দু’পক্ষের মধ্যে সমঝোতা করানো হয়েছিল এবং তারা মিলেমিশে থাকার আশ্বাসও দিয়েছিলেন।স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মৃতার পরিবার ও তাদের ছোট দুই সন্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে।










