১১ অগ্রহায়ণ ১৪৩৩ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

সমাজবাদী পার্টির ইস্তেহার অন্তঃসারশূন্য ও অবাস্তব : মায়াবতী

High News Digital Desk:

উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি (সপা)-র সদ্য প্রকাশিত ‘জন-মন কা ম্যানিফেস্টো’-কে ‘অন্তঃসারশূন্য এবং অবাস্তব’ বলে তীব্র ভাষায় আক্রমণ করলেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী। শুক্রবার সমাজ মাধ্যমে (এক্স হ্যান্ডেল) এক বার্তায় তিনি অখিলেশ যাদবের দলের ‘পিডিএ’ (পিছড়ে, দলিত, অল্পসংখ্যক) এজেন্ডাকেও কটাক্ষ করেন। প্রবাদবাক্য উদ্ধৃত করে মায়াবতী লেখেন, সমাজবাদী পার্টির এই ইস্তেহার ‘অসারের তর্জন-গর্জন সার’ প্রবাদটিকেই আরও একবার প্রমাণ করেছে।

সমাজমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বিএসপি প্রধান অভিযোগ করেন, সমাজবাদী পার্টি প্রকৃতপক্ষে দরিদ্র, দলিত, অনগ্রসর সম্প্রদায় এবং মুসলিমদের স্বার্থ, কল্যাণ, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার পরিবর্তে বরাবরই সংকীর্ণ, জাতপাতভিত্তিক এবং ধনীদের স্বার্থবাহী নীতি অনুসরণ করে এসেছে। উত্তর প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত দ্বিবার্ষিক রাজ্যসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে মায়াবতী সরাসরি অখিলেশ যাদবের দলকে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টি তাদের তথাকথিত ‘পিডিএ’ সমাজের প্রতিনিধিদের উপেক্ষা করে একজন ধনী শিল্পপতিকে অগ্রাধিকার দিয়েছে।

রাজ্যের জ্বলন্ত সমস্যাগুলির কথা উল্লেখ করে বিবৃতিতে মায়াবতী প্রশ্ন তোলেন, সমাজবাদী পার্টির এই ধরনের নীতি এবং কাজকর্ম কি কখনও উত্তর প্রদেশের দারিদ্র্য, বেকারত্ব, অনগ্রসরতা এবং পরিযায়ী সমস্যার মতো গুরুতর সংকটগুলির সমাধান করতে পারবে? পরিশেষে তিনি নিজেই উত্তর দিয়ে দাবি করেন যে, তাদের এই নীতি দিয়ে রাজ্যের এই সমস্যাগুলির সমাধান কোনোদিনই সম্ভব হবে না।

Scroll to Top