১০ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩ মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬

যমুনা দূষিতই, কালিন্দী কুঞ্জে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত সাদা ফেনা

High News Digital Desk:

উৎসবের মরসুমের মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে দিল্লির যমুনা নদীর দূষণ চিত্র। বিগত কয়েকদিনের মতো মঙ্গলবার সকালেও দিল্লির কালিন্দী কুঞ্জ সংলগ্ন এলাকায় যমুনা নদীর জলের উপরিভাগে ভাসতে দেখা যায় পুরু বিষাক্ত সাদা ফেনা। নদীর বিস্তীর্ণ অংশ সাদা রাসায়নিক ফেনায় ঢেকে যাওয়ার এই দৃশ্য সামনে আসতেই পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নর্দমার অপরিশোধিত বর্জ্য জল এবং কারখানার ডিটারজেন্ট মিশ্রিত রাসায়নিকের উচ্চমাত্রায় উপস্থিতির কারণেই নদীর জলে অ্যামোনিয়া ও ফসফেটের পরিমাণ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। ওখলা ব্যারেজের জলের তীব্র প্রবাহ ও বাতাসের সংস্পর্শে এসে সেই রাসায়নিক বিক্রিয়া করে এমন বিষাক্ত ফেনার সৃষ্টি করছে। সামনেই ছটপুজো। সেই সময় বিপুল সংখ্যক পুণ্যার্থী প্রথা মেনে যমুনার জলে স্নান ও সূর্যপ্রণাম করতে নামেন। তার ঠিক মুখে কালিন্দী কুঞ্জে নদীর এই বিষাক্ত চেহারা স্বাস্থ্যঝুঁকি ও চর্মরোগের আশঙ্কা অনেকটাই বাড়িয়ে দিল। নদী পরিষ্কারে কোটি কোটি টাকার প্রকল্প ও সরকারের নানা প্রতিশ্রুতির পরেও প্রতি বছরের মতো এবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়েছে।

Scroll to Top