১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ০৩ জুন ২০২৬

মেসি ইভেন্ট বিতর্কে বিস্ফোরণ! প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে সমন

High News Digital Desk:

কলকাতায় লিয়োনেল মেসিকে আনার সেই মেগা ইভেন্ট এবং যুবভারতী ক্রীড়াঙ্গন বিতর্ক এবার সরাসরি পৌঁছে গেল থানার দোরগোড়ায়। রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তথা প্রবীণ তৃণমূল নেতা অরূপ বিশ্বাসকেসমন পাঠাল বিধাননগর দক্ষিণ থানা। আগামী ৫ জুন তাঁকে সশরীরে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। বিধানসভা ভোটের ধাক্কা সামলানোর আগেই খোদ প্রাক্তন মন্ত্রীর আইনি নোটিস পাওয়া নিয়ে রাজনৈতিক ও ক্রীড়ামহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।যুবভারতী ক্রীড়াঙ্গনে গত বছরের বহুল আলোচিত মেসি-অনুষ্ঠানকে ঘিরে বিতর্কে নতুন মোড়। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হল মামলা। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও ক্রীড়া মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে মামলার নথির অনুলিপি প্রকাশ করে শতদ্রু লিখেছেন, “সত্যের জয়।” পাশাপাশি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের মহাপরিচালককে ধন্যবাদও জানিয়েছেন তিনি।প্রখ্যাত ক্রীড়া সংগঠক তথা সেই ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত স্পষ্ট জানিয়ে দেন, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এবার তিনি ১০০ কোটি টাকার আর্থিক ক্ষতিপূরণ, ব্যবসায়িক ক্ষতি ও মানহানির দেওয়ানি মামলা দায়ের করতে চলেছেন। সোমবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি বিস্ফোরক পোস্টে শতদ্রু দত্ত জানান, এই প্রস্তাবিত মামলার বিবাদীদের তালিকায় কেবল অরূপ বিশ্বাসই একা নন, রয়েছেন তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস (যাঁদের ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা চলছে) এবং বেশ কয়েকজন নির্দিষ্ট সংবাদমাধ্যমের সাংবাদিকও। শতদ্রুর অভিযোগ, এই ব্যক্তিদের সুপরিকল্পিত কর্মকাণ্ডের ফলে তাঁর ব্যক্তিগত জীবনের শান্তি, ব্যবসায়িক সুনাম এবং আন্তর্জাতিক স্তরের এই ফুটবল অনুষ্ঠানের বাণিজ্যিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্রীড়া উদ্যোক্তার দাবি, ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে এফআইআর দায়ের করা হয়েছে, সেখানে তদারকি করে আরও বেশ কিছু নতুন ধারা যুক্ত করার আবেদন জানানো হবে। যার মধ্যে ভারতীয় দণ্ডবিধির ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র), প্রতারণা, অবৈধ অনুপ্রবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো কঠোর ধারা রয়েছে। হাতে থাকা একাধিক অকাট্য নথিপত্র, সিসিটিভি এবং ভিডিও ফুটেজের ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ করা হচ্ছে।ঘটনার সূত্রপাত গত বছরের ডিসেম্বরে। শতদ্রু দত্তের উদ্যোগে বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পল কলকাতায় এসেছিলেন। যুবভারতীতে আয়োজিত সেই অনুষ্ঠানের টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তীব্র উন্মাদনা ছিল তুঙ্গে। অভিযোগ, বিপুল চাহিদার সুযোগে কালোবাজারিতেও টিকিট বিক্রি হয়েছিল। কিন্তু অনুষ্ঠান চলাকালীন চরম বিশৃঙ্খলা হয়। গ্যালারির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে বহু দর্শক মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে অনুষ্ঠান কার্যত ভেস্তে যায়। দেশের অন্য শহরগুলিতে অনুষ্ঠান সফল হলেও কলকাতার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় আয়োজকদের। সেই সময় গ্রেফতারও হতে হয়েছিল শতদ্রুকে।

 

Scroll to Top