কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গজ
অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভা এদিন একটি প্রস্তাব পাস করেছে। মন্ত্রিসভার সদস্যরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে সম্মান ও অভিবাদন জানান। প্রস্তাবটি উত্থাপন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরে সেই প্রস্তাব গৃহীত হয়।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, “প্রধানমন্ত্রী মোদী ‘দেশকে অগ্রাধিকার’-এর মানসিকতা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল, জিএসটি বাস্তবায়ন, সিএএ আইন প্রণয়ন, তিন তালাক-বিরোধী আইন পাস, ওয়াকফ আইন প্রবর্তন ইত্যাদি। এই সিদ্ধান্তগুলো প্রধানমন্ত্রী মোদীর বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতারই পরিচয় দেয়।”
অশ্বিনী বৈষ্ণব বলেন, “দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় সমস্যা ছিল—নকশালবাদ। এখন ভারত সেই নকশালবাদের হাত থেকেও মুক্ত। প্রধানমন্ত্রী মোদীর বিশ্বাস, আত্মনির্ভরশীল না হয়ে ভারত উন্নত হতে পারে না। ভারতের ইতিহাসে এই প্রথমবার আমাদের ঐতিহ্যকে সম্মানের চোখে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী উন্নয়ন ও ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছেন।”
উল্লেখ্য, ভারতের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের নজির স্থাপন করায় প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারাও। পিএমও জানিয়েছে, গত ১২ বছর ধরে তিনি স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং সুশাসন, সর্বজনীন উন্নয়ন ও জাতীয় অগ্রগতির প্রতি অবিচল অঙ্গীকারের মাধ্যমে নেতৃত্ব প্রদান করেছেন।









