২ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২৬

ভারত-জাপান বৈঠকে যোগ দিতে জাপান যাচ্ছেন রাজনাথ ও জয়শঙ্কর

High News Digital Desk:

ভারত ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য জাপান সফরে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১৮ ও ১৯ নভেম্বর দু’দিনের এই সফরে দুই দেশের মধ্যে চতুর্থ ‘টু প্লাস টু’ বৈঠকে যোগ দেবেন তাঁরা। বুধবার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে , ভারত-জাপান এই বৈঠকের শেষ পর্ব অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ২০ আগস্ট নয়াদিল্লিতে।

সফরে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এবং বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে বৈঠক করবেন ভারতের দুই মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি দুই দেশের বিদেশমন্ত্রীদের মধ্যে কৌশলগত আলোচনাও হবে। প্রতিরক্ষা ও বিদেশনীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা।

এদিন বিদেশ মন্ত্রক সূত্রে আরও জানা গেছে , গণতন্ত্র, স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার মতো অভিন্ন মূল্যবোধের উপর দাঁড়িয়ে রয়েছে ভারত ও জাপানের সম্পর্ক। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখার বিষয়েও দুই দেশের একমত অবস্থান রয়েছে।

এই সফরে ২০২৫ সালের আগস্ট এবং ২০২৬ সালের জুলাইয়ে অনুষ্ঠিত ভারত-জাপান ১৫তম ও ১৬তম বার্ষিক শীর্ষ বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলির অগ্রগতিও খতিয়ে দেখা হবে। দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হবে।

এদিকে, সফরকালে তৃতীয় ‘রাইসিনা টোকিও’ সম্মেলনে অংশ নেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিরক্ষা ও বিদেশনীতি নিয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি এই সম্মেলনেও যোগ দেবেন তিনি।

Scroll to Top