১৮ শ্রাবণ ১৪৩৩ বুধবার ০৪ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩ বুধবার ০৪ আগস্ট ২০২৬

ভবানীপুর নির্বাচন মামলার শুনানি পিছল হাইকোর্টে, সময়মতো নথি না মেলায় অসন্তোষ প্রকাশ আদালতের

High News Digital Desk:

ভবানীপুর বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল। মামলার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো সংশ্লিষ্ট পক্ষগুলির কাছে না পৌঁছানোয় আদালত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে এবং কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব করেছে।

বিচারপতি গৌরাঙ্গ কান্তের একক বেঞ্চে শুনানি চলাকালীন আবেদনকারী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে, প্রয়োজনীয় নথি না মেলার কারণে মামলার শুনানি এগোনো সম্ভব হচ্ছে না।

অন্যদিকে, ভবানীপুর থেকে জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারীর পক্ষে আইনজীবী জয়দীপ কর লিখিত জবাব দেওয়ার জন্য চার সপ্তাহের সময় চান। এর বিরোধিতা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্টে নির্বাচনী রিট পিটিশনের নিষ্পত্তিতে বছরের পর বছর লেগে যাওয়া যেন এক অলিখিত সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

শুনানি চলাকালীন শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আদালতকে জানানো হয় যে, আদালতের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী সংশ্লিষ্ট ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং মামলার সাথে সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় নথি নিরাপদে রাখা হয়েছে। তাই মামলায় অহেতুক ডেরির কোনো যুক্তিসঙ্গত কারণ নেই।

উভয় পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি গৌরাঙ্গ কান্ত নির্দেশ দেন যে, আগামী চার সপ্তাহের মধ্যে মামলার সাথে সম্পর্কিত সমস্ত পক্ষ একে অপরের সঙ্গে প্রয়োজনীয় নথির কপি আদান-প্রদান করবে। এই নির্দেশ পালনের হলফনামাও আদালতে জমা দিতে হবে। আদালত মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর নির্ধারণ করেছে।

Scroll to Top