সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন দুর্গানগর বর্মন টিলা এলাকায় এক প্রবীণ চা বিক্রেতার মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মতিলাল বর্মন। তিনি স্থানীয়ভাবে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর প্রায় দেড়টা নাগাদ মতিলাল বর্মন বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। আত্মীয়-স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান না মেলায় তাঁর স্ত্রী শুক্রবার রাতেই বিশালগড় থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।
এরপর শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা কাছাকাছি একটি রাবার বাগানের মধ্যে মতিলাল বর্মনের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ শনাক্ত করেন এবং কান্নায় ভেঙে পড়েন।
খবর দেওয়া হলে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে দেখা গেছে, মৃতের ডান হাতে রক্তের দাগ রয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে—এটি পরিকল্পিত খুন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, ঘটনাকে কেন্দ্র করে গোটা বর্মন টিলা এলাকায় চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে।









