২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬
২০ মাঘ ১৪৩২ বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বাড়ছে সংঘাত, কলকাতার উপদূতাবাসের পরিষেবাও বন্ধ করল ঢাকা

High News Digital Desk:

দিল্লির বাংলাদেশ দূতাবাস এবং আগরতলার উপদূতাবাস আগেই ভারতের পর্যটকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছিল। একমাত্র কলকাতার বাংলাদেশ উপদূতাবাসে এই পরিষেবা চালু রাখা হয়েছিল। কিন্তু এবার সেটাও বন্ধ করে দেওয়া হল।

উত্তপ্ত বাংলাদেশ। দেশজুড়ে বইছে ভারত-বিরোধিতার হাওয়া। এই পরিস্থিতিতে নয়াদিল্লির সঙ্গে সংঘাত আরও বাড়াল ঢাকা। এবার ভারতীয়দের জন্য পর্যটক ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করল মহম্মদ ইউনুসের অন্তবর্তী সরকার। ভারতীয় বিদেশমন্ত্রকের একটি সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।

এর অর্থ ভারতীয় পর্যটকরা এই মুহূর্তে বাংলাদেশে যেতে পারবেন না। কারণ, দেশের কোথাও আর এই পরিষেবা চালু নেই। তবে বিদেশমন্ত্রকের সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয়দের জন্য ‘এমপ্লয়মেন্ট ভিসা’ এবং ‘বিজনেস ভিসা’ দেওয়া এখনও চালু আছে। অর্থাৎ কর্মসূত্রে এবং ব্যবসায়িক কাজেই ভারতীয়রা শুধুমাত্র এখন বাংলাদেশে পা রাখতে পারবেন।

পাশাপাশি, বিদেশমন্ত্রক সূত্রের খবর, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জন্যও ভিসা প্রদান করা হবে। কারণ, এই ভিসা বহুস্তরীয় যাচাইয়ের পরই দেওয়া হয়। সেক্ষেত্রে তাঁরা কোথায় থাকবেন, কোথায় যাবেন, কী পরিকল্পনা সেই সব বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে থাকে। ফলে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হয়।

কিন্তু সাধারণ পর্যটকদের ক্ষেত্রে সেটা সহজ নয়। তবে গোটা বিষয়ে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস বা দিল্লির দূতাবাস এখনও পর্যন্ত কোনও বিবৃতি প্রকাশ করেনি।

Scroll to Top