২২ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ জুলাই ২০২৬

বাংলায় শিক্ষক নিয়োগ, SSC শিক্ষক নিয়োগে কাউন্সেলিংয়ের দিন ঘোষণা কমিশনের l

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে দীর্ঘ অপেক্ষার পর বড় আপডেট দিল স্কুল সার্ভিস কমিশন। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে আগামী ২১ জুলাই থেকে কাউন্সেলিং শুরু হবে। ২০১৬ সালের প্যানেলের ১,১৭৭ জন প্রার্থী এই প্রক্রিয়ায় অংশ নেবেন। বিস্তারিত সময়সূচি ও নির্দেশিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

High News Digital Desk:

উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের এসএলএসটি (SLST) প্যানেলের অপেক্ষারত প্রার্থীদের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুলাই থেকে সহকারী শিক্ষক পদে কাউন্সিলিং শুরু হবে। ফলে বহু বছর ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সিলিংয়ের পুরো প্রক্রিয়া সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দফতরে অনুষ্ঠিত হবে। কোন প্রার্থী কবে এবং কখন কাউন্সিলিংয়ে অংশ নেবেন, সেই সময়সূচি-সহ প্রয়োজনীয় সমস্ত তথ্য কমিশনের সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২১ মে কলকাতা হাই কোর্ট ১,২৪১ জন অপেক্ষারত প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন করার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুসারে প্রথম পর্যায়ে ,১৭৭ জন প্রার্থীর কাউন্সিলিং হবে। তবে ৬৪ জন প্রার্থীর কাউন্সিলিং আপাতত স্থগিত রাখা হয়েছে। কমিশন সূত্রে খবর, তাঁদের বিষয়ে পরবর্তী সময়ে আদালতের নির্দেশ বা পৃথক বিজ্ঞপ্তি জারি হতে পারে।

প্রসঙ্গত, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালে এবং ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল মেধাতালিকা বা প্যানেল। কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে একাধিক মামলা দায়ের হওয়ায় দীর্ঘদিন ধরে আইনি জটিলতা তৈরি হয়। সেই কারণে বহু যোগ্য প্রার্থীর চাকরি অনিশ্চয়তার মধ্যে আটকে ছিল। যদিও পরবর্তী সময়ে শূন্যপদে ১০ হাজারেরও বেশি প্রার্থীর নিয়োগ সম্পন্ন হয়েছে, তবুও একাংশ অপেক্ষারত প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চিতই থেকে গিয়েছিল।

অবশেষে হাই কোর্টের নির্দেশ কার্যকর করে কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে বলে মনে করছেন চাকরিপ্রার্থীরা। এখন তাঁদের নজর ২১ জুলাই থেকে শুরু হওয়া কাউন্সিলিং প্রক্রিয়া এবং পরবর্তী নিয়োগের দিকেই।

Scroll to Top