ফের ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। সেই সঙ্গে দক্ষিণের কিছু জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বর্ষার দোসর ঘূর্ণাবর্ত, এরই প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। এ ছাড়াও নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার। শুক্রবার বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়।
উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। বুধবার পর্যন্ত টানা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি চলবে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৩ ডিগ্রি বেশি।










