১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬

নেতাজি ইন্ডোরে ৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠের আসরে বাম ও তৃণমূলকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

High News Digital Desk:

কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ‘৫ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা’ পাঠের মেগা ধর্মীয় অনুষ্ঠান থেকে পূর্বতন বাম ও তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ শানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সনাতন সংস্কৃতির জাগরণ এবং যুবসমাজকে দেশের বিরোধী শক্তিগুলির মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি, আগামী দিনে রাজ্যে একাধিক বৃহৎ ধর্মীয় কর্মসূচি ও রামানন্দ মিশনের আশ্রম গড়ে তোলার পরিকল্পনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিনের ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাকে ‘মা কালীর ধরিত্রী’ হিসেবে অভিহিত করে বাম ও তৃণমূল— উভয় শিবিরকেই ‘সনাতন বিরোধী’ বলে কটাক্ষ করেন। সিপিএমের নাম না করে বাম শাসনের সমালোচনা করে তিনি বলেন, “৩৪ বছর ওরা ধর্ম পালন করতে দিত না। বলত, আমরা নাস্তিক। তার পরে যারা এল, তাদের নেত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে দিলেন, হিন্দু ধর্ম গন্দা ধর্ম।” অযোধ্যায় রামমন্দির নির্মাণ এবং কুম্ভমেলা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের কড়া সমালোচনা করে শুভেন্দু বলেন, “রামমন্দির হিন্দুদের টাকায় হয়েছিল। আর তৃণমূলনেত্রী পার্ক সার্কাসে মিছিল করে বলেছিলেন, রামমন্দির নেহি চলেগা। মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন।”

নাম না করে বামপন্থী ও সনাতন বিরোধীদের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হওয়ার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “একটা দল আছে, তারা নির্বাচনে জেতে না, যারা সনাতনকে গালি দেয়, রামমন্দিরের বিরোধিতা করে, ওরা এখন দেশের ভিতরে গড়বড় করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে মুখের ওপর জবাব দেওয়ার কাজ এই যুব প্রজন্মকে করতে হবে— নিজের ঘরে বলুন, সোশ্যাল মিডিয়ায় বলুন, রাস্তায় বলুন।” নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ-তরুণীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে তিনি আশাপ্রকাশ করেন যে, এই নতুন প্রজন্মের হাত ধরেই ২০৪৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের ‘বিকশিত ভারত’ গড়ে উঠবে এবং ভারত ‘বিশ্বগুরু’ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এদিন মঞ্চ থেকেই রাজ্যে আগামী দিনের একাধিক ধর্মীয় অনুষ্ঠানের নির্ঘণ্ট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এ রাজ্যে আচার্য জগদ্গুরু রামভদ্রাচার্য পরিচালিত রামানন্দ মিশনের আশ্রম ও বড় গোশালা হওয়া উচিত। এছাড়াও তিনি ঘোষণা করেন, আগামী ১৫ জানুয়ারি গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসবেন জগদ্গুরু রামভদ্রাচার্য, যাঁকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দিয়ে সরকারি হেলিকপ্টারে কপিল মুনির আশ্রমে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি, আগামী ২৯ ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর বসবে, যেখানে আরএসএস প্রধান মোহন ভাগবত এবং যোগগুরু রামদেব উপস্থিত থাকবেন। এছাড়াও ২০২৭ সালের ১৬ থেকে ২৪ জানুয়ারি কলকাতায় রামানন্দ মিশনের উদ্যোগে ১০০৮ কুণ্ডলীর সনাতন মহাসভা আয়োজিত হবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, রামানন্দ মিশন, সনাতন বৈভব এবং মহারাজা অগ্রসেন ধামের যৌথ উদ্যোগে আয়োজিত মঙ্গলবারের এই অনুষ্ঠানে প্রায় ৭ হাজার পড়ুয়া ও ভক্ত সমবেত কণ্ঠে হনুমান চালিশা পাঠ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিশিষ্ট সাধু-সন্ত ও নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Scroll to Top