মহারাষ্ট্রের নাগপুর বিভাগ স্নাতক বিধান পরিষদ নির্বাচনে শুক্রবার ভোট দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গডকড়ী। নাগপুরের মহল এলাকার নিউ ইংলিশ হাই স্কুলে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
ভোটদানের পর গডকড়ী বলেন, এই নির্বাচন শিক্ষিত ও সচেতন ভোটারদের চিন্তাভাবনার প্রতিফলন। তাঁর দাবি, এই নির্বাচনী কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং তার পূর্বসূরি ভারতীয় জনসংঘ দীর্ঘদিন ধরেই ভোটারদের সমর্থন পেয়ে এসেছে। এই কেন্দ্রের ভোটাররা ধারাবাহিক ভাবে তাঁদের আদর্শের পাশে থেকেছেন বলেও মন্তব্য করেন তিনি।
বিজেপি প্রার্থী সুধাকর কোহলে এবার জয়ী হবেন বলে আশাপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, এই নির্বাচনে বিজেপি ফের আসনটি দখল করবে বলে তাঁরা আত্মবিশ্বাসী। শুধু জয় নয়, ভোটগণনার প্রথম পর্যায়েই দলের প্রার্থী জয়ের লক্ষ্যে পৌঁছবেন বলেও আশা প্রকাশ করেন গডকড়ী।











