২৩ আশ্বিন ১৪৩৩ শনিবার ১০ অক্টোবর ২০২৬
২৩ আশ্বিন ১৪৩৩ শনিবার ১০ অক্টোবর ২০২৬

নন্দীগ্রামে রেকর্ড ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, রেজিনগরেও বিপুল ব্যবধানে প্রস্ফুটিত পদ্ম

High News Digital Desk:

পশ্চিমবঙ্গের হাইপ্রোফাইল নন্দীগ্রাম ও সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফলে এক ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারতীয় জনতা পার্টি । ১৫ রাউন্ডের ভোটগণনা শেষে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসিরানি রথ ১ লক্ষ ২২ হাজার ৭৫০টিরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করে এক নতুন রাজনৈতিক রেকর্ড গড়েছেন। অন্যদিকে, প্রায় ৭৪ শতাংশ সংখ্যালঘু ভোটার সমৃদ্ধ রেজিনগর আসনেও জোড়াফুলের দুর্গ ভেঙে বড় জয় পেয়েছেন বিজেপির শাখারভ সরকার। তিনি প্রায় ৭৫ হাজার ৭৫০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

নন্দীগ্রামের এই জয়ে ভেঙে গেছে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ববর্তী সমস্ত জয়ের রেকর্ডও। অতীতে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দু অধিকারী ৮১,২৩০ ভোটে জয়ী হয়েছিলেন। পরবর্তীকালে ২০২১ সালের বিধানসভা ভোটে তিনি ১,৯৫৬ ভোটে এবং ২০২৬ সালের সাধারণ বিধানসভা নির্বাচনে ৯,৬৬৫ ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে এবার প্রয়াত ব্যক্তিগত সচিব চন্দ্রনাথ রথের মা তথা বিজেপি প্রার্থী হাসিরানি দেবীর এই জয় অতীতের সমস্ত ব্যবধানকে বহু পেছনে ফেলে দিয়েছে।

উপনির্বাচনের এই অভূতপূর্ব সাফল্যে সন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের এই দুই কেন্দ্রেই আজ প্রকৃত অর্থে জাতীয়তাবাদী শক্তির জয় হয়েছে। তৃণমূল কংগ্রেস বা বামেরা এই নির্বাচনে কোনো প্রভাবই ফেলতে পারেনি, যা ভোটের ফল থেকেই স্পষ্ট। রেজিনগরের মতো সংখ্যালঘুপ্রধান এলাকাতেও বিজেপির পক্ষে সাধারণ মানুষের এই রায় প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মহিলারা কোনো ধরনের ধর্মীয় ভেদাভেদ ছাড়াই ‘অন্নপূর্ণা যোজনা’-এর সঠিক সুবিধা পেয়েছেন, আর সেই আস্থাই প্রতিফলিত হয়েছে ইভিএমে। বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তোলা অভিযোগ ও কারচুপির দাবি উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, সম্পূর্ণ স্বচ্ছ ও সুপ্রিম কোর্টের নজরদারিতেই এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

গণনার শুরু থেকেই দুই কেন্দ্রে গেরুয়া শিবিরের আধিপত্য বজায় ছিল। নন্দীগ্রামে ১১তম রাউন্ডের শেষে হাসিরানি রথের লিড ৯০ হাজারের গণ্ডি ছাড়িয়ে যায়, যা ১৩তম রাউন্ডে ১ লক্ষ ৫ হাজারের বেশি হয় এবং অন্তিম পর্যায়ে তা ১.২২ লক্ষের রেকর্ড ব্যবধানে গিয়ে ঠেকে। একইভাবে, রেজিনগরেও পোস্টাল ব্যালট পর্ব থেকেই এগিয়ে থাকা বিজেপি প্রার্থী ১২তম রাউন্ডে ৭০ হাজার ভোটের গণ্ডি পার করেন এবং শেষ পর্যন্ত প্রায় ৭৫ হাজার ৭৪৮ ভোটের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করেন।

উল্লেখ্য, চলতি বছরের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর ও নন্দীগ্রাম—দুটি আসনেই জয়লাভ করার পর কলকাতার ভবানীপুর আসনটি নিজের কাছে রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দিয়েছিলেন। একইভাবে, আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-এর প্রধান হুমায়ুন কবীর নাওদা ও রেজিনগর আসন দুটিতে জয়ী হওয়ার পর রেজিনগর কেন্দ্রটি ছেড়ে দেন। এই দুটি শূন্য আসনে গত মঙ্গলবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং আজকের এই ফলাফলে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা ও সমর্থকরা।

Scroll to Top