জল্পনার অবসান। মুখ্যমন্ত্রীর ছেড়ে আসা গড় নন্দীগ্রামে লড়ছেন তাঁরই নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ! আগামী ৬ অক্টোবর এই কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজ, মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা তাঁর। মনোনয়নে থাকবে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছেলেকে নিয়ে শোকের মাঝেও প্রার্থী হয়ে খুশি হাসিরানি রথ। মঙ্গলবার সকালে সুখবর পেয়ে রেয়াপাড়ার মন্দিরে পুজো দিয়েছেন তিনি। আত্মবিশ্বাসের সুরে জানাচ্ছেন, তাঁকে দল ভরসা করেছে, সংগঠন সঙ্গে রয়েছে, জিতবেনই।ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর – জোড়া আসনে জেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনটি হাতে রেখে ছেড়ে এসেছিলেন নন্দীগ্রাম। গত বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিরোধী দলনেতা হয়েছিলেন। ছাব্বিশে নিজের চেনা গড় তিনি ছেড়ে এলেও মনে করা হচ্ছিল, ঘনিষ্ঠ কাউকে এই আসন থেকে ভোটে জিতিয়ে আনতে পারে বিজেপি। সেইমতো চারজনের নাম নিয়ে জল্পনা ছিল। শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা মেঘনাদ পাল, অঞ্জন পালরা প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকলেও সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা দিয়েছিল মুখ্যমন্ত্রীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের। তিনি নিজেও জানিয়েছিলেন, পরিবারের ‘অভিভাবক’ শুভেন্দু অধিকারী চাইলে তিনি প্রার্থী হতে রাজি।মঙ্গলবার সেসব জল্পনার অবসান ঘটল। জানা গেল, হাসিরানি রথই নন্দীগ্রাম উপনির্বাচনে লড়বেন বিজেপি প্রার্থী হয়ে। এই খবর জানতে পেরে তিনি রেয়াপাড়ার মন্দিরে পুজো দেন। ঘনিষ্ঠ মহলে জানান, তাঁকে প্রার্থী করায় দলকে ধন্যবাদ। সংগঠন তাঁর সঙ্গে আছে, বড় ব্যবধানে জিতবেন। হাসিরানি ১৯৮৮ সাল থেকে রাজনীতি করেন। পঞ্চায়েতে অন্তত ৫ বার জনপ্রতিনিধি ছিলেন তিনি। জানা গিয়েছে, আজই হাসিরানি রথ মনোনয়ন জমা দেবেন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হলদিয়ার কদমতলায় সভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দলীয় কর্মসূচি শেষে কদমতলা থেকে বিজেপি প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রায় দু’কিলোমিটার পদযাত্রা করে হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে পৌঁছবেন।










