বিরোধী দল ও কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বিজেপি–র প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা অভিযোগ করেছেন, বিরোধীরা দেশে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চক্রান্তে লিপ্ত হয়েছে। বুধবার মধ্যপ্রদেশের ভোপালে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। পদযাত্রায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব এবং বিজেপি রাজ্য সভাপতি হেমন্ত খান্ডেলওয়াল।
পদযাত্রার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, বিরোধী শিবির, তথাকথিত ‘ইন্ডি’ জোট এবং কংগ্রেস পার্টি বর্তমানে যে ধরনের চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রদর্শন করছে, তা আসলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির এক সুপরিকল্পিত ও কুৎসিত অপচেষ্টা। তিনি বলেন, বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির প্রতি সাধারণ মানুষের যে গভীর আস্থা ও বিশ্বাস গড়ে উঠেছে, কংগ্রেস আজ সেই বিশ্বাসে চিড় ধরাতে এবং প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি কালিমালিপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে। দেশবাসীকে এই ষড়যন্ত্রের গভীরতা ও স্বরূপ ভালো করে বুঝতে হবে।
জাতীয় নির্বাচন কমিশনকে নিশানা করার তীব্র নিন্দা জানিয়ে নাড্ডা বলেন, ভারতের নির্বাচন কমিশন দীর্ঘ কয়েক দশকের নিষ্ঠাবান কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক স্তরে সমীহ ও স্বীকৃতি আদায় করেছে। কিন্তু কংগ্রেস এই সাংবিধানিক প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার অসৎ চক্রান্তে মেতেছে। তিনি সুর চড়িয়ে দাবি করেন, বিরোধীদের এই আচরণের নেপথ্যে কোনও মহৎ উদ্দেশ্য নেই; তাদের সঙ্গে জনগণের কোনও সমর্থন নেই বলেই তারা এমন হতাশাজনক পদক্ষেপ নিচ্ছে। আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে ভারতের রাজনৈতিক মানচিত্রে তাদের আর কোনও জায়গা হবে না বুঝতে পেরেই নির্বাচন কমিশনের ওপর মিথ্যা অপবাদ দিয়ে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছে।










