১৪ কার্তিক ১৪৩৩ শনিবার ৩১ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ শনিবার ৩১ অক্টোবর ২০২৬

দিল্লিতে ‘রান ফর ইউনিটি’-র সূচনা, লৌহপুরুষকে শ্রদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

High News Digital Desk:

লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১-তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত ঐতিহ্যবাহী ‘রান ফর ইউনিটি’-র সূচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় একতা দিবস (রাষ্ট্রীয় একতা দিবস) উপলক্ষে শনিবার সকালে তিনি দিল্লির প্যাটেল চকে সর্দার পটেলের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সংহতি দৌড়ের ফ্ল্যাগ-অফ করে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

উপস্থিত জনতার উদ্দেশে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীকে দেশজুড়ে মর্যাদার সঙ্গে ‘জাতীয় একতা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। সর্দার প্যাটেল এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন, যিনি কেবল দেশের ইতিহাসই পরিবর্তন করেননি, ভারতের ভৌগোলিক মানচিত্রকেও চূড়ান্ত রূপ দিয়েছিলেন। শত শত দেশীয় রাজ্যকে এক সুতোয় গাঁথা মালার মতো একত্রিত করার সেই ঐতিহাসিক ও কঠিন দায়িত্ব পালন করে সর্দার সাহেবই আজকের ‘অখণ্ড ভারত’-এর প্রকৃত স্থপতি হয়ে উঠেছিলেন। তিনি সফলভাবে ভারতের ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐক্যকে একসূত্রে বেঁধেছিলেন।

স্বাধীনতোত্তর কঠিন দিনগুলির স্মৃতিচারণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশ যখন স্বাধীন হয়েছিল, তখন গোটা বিশ্বের রাজনৈতিক পণ্ডিত ও আন্তর্জাতিক মহল ভবিষ্যদ্বাণী করেছিল যে ভারত টুকরো টুকরো হয়ে ভেঙে পড়বে। কিন্তু স্বাধীনতার পরবর্তী মাত্র ১,২১৮ দিনের মধ্যে সর্দার প্যাটেল সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। বহু নেতার সমষ্টিগত প্রয়াসে সারাজীবনে যা সম্ভব হতো না, সর্দার সাহেব একা মাত্র ১,২১৮ দিনে সেই ঐক্যবদ্ধ ভারত গড়ে তুলেছিলেন। সর্দার প্যাটেলের স্বপ্নের সেই ভারতই এখন বিশ্বের দরবারে গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে।

Scroll to Top