ঘরের মাঠে ভারতের কাছে সিরিজ হারলেও শেষ দুটি টি-টোয়েন্টিতে দারুণ জয়ে ব্যবধান কমালো নিউজিল্যান্ড। রবিবার হ্যামিল্টনে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেট ও ১২ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই ম্যাচে হারলেও সিরিজটি ৩-২ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। এদিন টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। দুই ওপেনার সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা ব্যর্থ হলেও ইশান কিশান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ভারত ১৯১ রান সংগ্রহ করে। অ্যাডাম মিলনে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। নাথান স্মিথ ও ব্লায়ার টিকনার নেন ২টি করে উইকেট। জবাবে টিম সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে ১৮ ওভারে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন সেইফার্ট, কিন্তু ৭ রান দূরে থাকতেই নিতিশ কুমারের বলে বোল্ড হয়ে যান। ৫০ বলে ১১ চার ও ৫ ছক্কায় ৯৩ রান করেন তিনি। বাকি কাজটুকু একাই সারেন ফিলিপস। ৩৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করেন তিনি। ভারতের পক্ষে আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও নিতিশ কুমার ১টি করে উইকেট শিকার করেন।









