১৮ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ০৪ নভেম্বর ২০২৬

জাতীয় সড়ক অবরোধ জামিন অযোগ্য অপরাধ, হুমায়ুনকে সতর্কবার্তা সুকান্তর

High News Digital Desk:

১২ নম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়ায় তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরকে ভারতীয় ন্যায় সংহিতার কড়া আইনি ধারার কথা স্মরণ করিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডঃ সুকান্ত মজুমদার। জাতীয় সড়ক অবরুদ্ধ করা একটি গুরুতর ও জামিন অযোগ্য অপরাধ উল্লেখ করে বিধায়ককে এই ধরনের বেআইনি পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাবরের নাম প্রত্যাহার করে অন্য কোনও ব্যক্তির নামে মসজিদ নামকরণেরও পরামর্শ দেন কেন্দ্রীয় মন্ত্রী।

মঙ্গলবার জলপাইগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়কের সাম্প্রতিক হুঁশিয়ারি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে জাতীয় সড়ক অবরোধ করা সম্পূর্ণ অজামিনযোগ্য ধারার অধীনে একটি দণ্ডনীয় অপরাধ। তাই আমি বিধায়ককে এই ধরনের বিপজ্জনক পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য সতর্ক ও অনুরোধ করছি।” মুর্শিদাবাদে প্রস্তাবিত মসজিদ নির্মাণ এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্কের প্রতি ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন, “বাবরের নাম এড়িয়ে চলাই তাঁর জন্য ভালো হবে। বাবরের নাম না জড়িয়ে বরং অন্য যে কোনও শ্রদ্ধেয় ব্যক্তির নামে তাঁর ওই মসজিদের নামকরণ করা উচিত।”

উল্লেখ্য, জাতীয় সড়ক অবরোধ ও বাবরি মসজিদের আদলে কাঠামো নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল বিধায়কের বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক তৈরি হয়। সেই প্রেক্ষিতেই আইন প্রয়োগের কড়া হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট করে দেন যে, সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটিয়ে কোনও ধরনের আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা বরদাস্ত করা হবে না।

Scroll to Top