‘গরিব কল্যাণ যোজনা’-র ১২ বছর পূর্তিতে প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লেখেন, “বিগত ১২ বছরে ভারত বহু রূপান্তরের সাক্ষী হয়েছে এবং এই পরিবর্তনগুলির কেন্দ্রবিন্দুতে রয়েছে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণ। আমরা সর্বদা অন্ত্যোদয় দ্বারা অনুপ্রাণিত হয়েছি এবং আমাদের প্রচেষ্টা সর্বদা এটাই ছিল যে, উন্নয়নের সুফল যেন সেইসব মানুষের কাছে পৌঁছয় যারা দশকের পর দশক ধরে পিছিয়ে ছিল। জন ধন অ্যাকাউন্ট এবং সরাসরি সুবিধা হস্তান্তর থেকে শুরু করে স্বচ্ছ ভারত, পিএম আবাস যোজনা, জল জীবন মিশন, আয়ুষ্মান ভারত এবং আরও অনেক উদ্যোগের পেছনে একটিই সহজ উদ্দেশ্য কাজ করেছে—মানুষের মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা।”
প্রধানমন্ত্রী মোদী আরও জানান, “এটাও আনন্দের যে, দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নত করতে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহায়তা সরাসরি ও স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছাচ্ছে। এর ফলে অপচয় কমেছে, কার্যকারিতা বেড়েছে এবং শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় হয়েছে। এভাবেই গরিব কল্যাণকে এগিয়ে নিয়ে যাওয়ার এই যাত্রা মানব ক্ষমতায়ন এবং আমাদের ‘বিকশিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নের এক সম্মিলিত আন্দোলনে পরিণত হয়েছে।”









