সপ্তাহের শুরুতেই আবহাওয়া নিয়ে আশঙ্কার খবর শোনাল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সোমবার সকাল সকাল পরিণত হল ঘূর্ণিঝড়ে! ‘অর্ণব’ নামের ঘূর্ণিঝড়ে জন্ম হয়ে গেল বলেই জানাচ্ছেন আবহবিদরা। আগামী দু’দিনে তা আরও শক্তিবৃদ্ধি করে বুধবার, ২৮ অক্টোবর সকালে আছড়ে পড়তে চলেছে অন্ধ্র ও ওড়িশা উপকূলে। বাংলায় এর কতটা প্রভাব পড়বে, তা এখনও খুব একটা স্পষ্ট নয়। তবে ‘অর্ণবে’র প্রভাবে মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পূর্বাভাস, কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে। তবে সবটাই নির্ভর করছে ঘূর্ণিঝড় ‘অর্ণবে’র গতিবিধির উপর। সেদিকে নজর রেখেছেন আবহবিদরা।
আলিপুর আবহাওয়া দপ্তরের সকালের বুলেটিন অনুযায়ী, পূর্ব-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, বর্তমানে তার অবস্থান আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে ৫২০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিম, অন্ধ্রের বিশাখাপত্তনম থেকে ৭৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাঁকিনাড়া থেকে ৮২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, মছলিপত্তনম থেকে ৯২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব এবং বাপাতলা থেকে ৯৯০ কিলোমিটার পূর্ব। আগামী কয়েক ঘণ্টায় তা পশ্চিমমুখী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। আবহবিদরা জানাচ্ছেন, জন্মলগ্নে ঝড়ের গতি ঘণ্টায় ৯০ থেকে ১১৫ কিলোমিটার। তবে ঝোড়ো হাওয়ার জেরে সেই গতিবেগ ধীরে ধীরে ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ঝড়ের বেগ আরও খানিকটা বাড়বে এবং বুধবারে তা ঘণ্টায় ১২৫ কিলোমিটারে পৌঁছবে। তবে অন্ধ্রের বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করার পর ধীরে ধীরে ঝড়ের বেগ কমবে। উপকূলে দুর্যোগের আশঙ্কা থাকছে বৃহস্পতিবার পর্যন্ত। এদিকে ‘অর্ণবে’র প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মঙ্গলবার থেকেই প্রভাব পড়বে। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের মঙ্গলবারের পর থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিশেষ সতর্কতা জারি কলকাতা ও হলদিয়া বন্দরে।
আগামী ২৭ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলা মূলত শুষ্ক থাকবে। ২৮ ও ২৯ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।










