২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

গঙ্গার ভাঙন ও জলোচ্ছ্বাসে হাজিপুরে বিপন্ন ছট পুজোর প্রস্তুতি

High News Digital Desk:

আগামীকাল শুক্রবার ‘নহায়-খায়’-এর মধ্য দিয়ে শুরু হতে চলেছে সূর্য উপাসনার মহাপর্ব ছট পুজো। কিন্তু উৎসবের প্রাক্কালে বিহারের বৈশালী জেলার হাজিপুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় গঙ্গা নদীর তীব্র ভাঙন এবং আকস্মিক জলস্তর বৃদ্ধির জেরে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। নদীপাড়ের মাটি ক্রমাগত ধসে যাওয়ায় এবং গভীর গর্ত তৈরি হওয়ায় নিরাপত্তার কথা মাথায় রেখে প্রায় ২০টি গ্রামের বাসিন্দারা প্রথাগত গঙ্গার ঘাটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবর্তে নিজেদের বাড়ির আঙিনায় ও গ্রামের ভেতরেই অস্থায়ী কৃত্রিম জলাশয় বা ঘাট তৈরি করে ছটের অর্ঘ্য নিবেদনের প্রস্তুতি নিচ্ছেন ব্রতীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং গঙ্গার প্রবল স্রোতের কারণে হাজিপুরের একাধিক এলাকায় নদী তীরবর্তী জমি ও পুরনো ঘাটগুলি সম্পূর্ণভাবে তলিয়ে গিয়েছে বা বিপজ্জনক হয়ে পড়েছে। নদীর পাড় অত্যন্ত পিচ্ছিল হওয়ায় সেখানে পুণ্যার্থীদের ভিড় জমলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও বিপজ্জনক ঘাটগুলি চিহ্নিত করে লাল পতাকা লাগানো হয়েছে এবং সাধারণ মানুষকে নদীর গভীর জলে না নামার জন্য সতর্ক করা হয়েছে।

এমতাবস্থায় ভক্তি ও ঐতিহ্য বজায় রাখতে বিকল্প পথ বেছে নিয়েছেন গ্রামবাসীরা। প্রায় ২০টি গ্রামের মানুষ নিজেদের বাড়ির ছাদে, উঠোনে কিংবা গ্রামের নিরাপদ খোলা জায়গায় মাটি খুঁড়ে এবং ত্রিপল বিছিয়ে জল ভরে কৃত্রিম ঘাট তৈরি করছেন। কলাগাছ ও আলোকমালায় সাজিয়ে তোলা হচ্ছে সেই অস্থায়ী ঘাটগুলিকে। স্থানীয় বাসিন্দাদের কথায়, ছট মহাপর্ব তাঁদের জীবনের অন্যতম পবিত্র উৎসব, কিন্তু পরিবারের নারী ও শিশুদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা সম্ভব নয়। গঙ্গার ঘাটগুলি বর্তমানে অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকায় বাধ্য হয়েই তাঁরা বাড়িতে কৃত্রিম ঘাট বানিয়ে সূর্যদেব ও ছঠি মাইয়ার আরাধনা করার সিদ্ধান্ত নিয়েছেন।

Scroll to Top