কোনও কিছুতেই ভয় পাওয়া উচিত নয়, সোমবার পরীক্ষা পে চর্চার নবম সংস্করণের দ্বিতীয় পর্বে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “প্রতিটি যুগে, যখনই কোনও নতুন প্রযুক্তি আসে, তখনই তা আলোচনার সূত্রপাত করে। আমাদের কোনও কিছুকে ভয় পাওয়া উচিত নয়। আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা এর দাস না হই। যেমন আজকাল মোবাইল ফোন কিছু শিশুর প্রভু হয়ে উঠেছে, তেমনই যদি তাদের কাছে মোবাইল ফোন না থাকে, তাহলে তারা খেতে পারে না; যদি তাদের কাছে টিভি না থাকে, তাহলে তারা বাঁচতে পারে না। এর মানে হল তুমি এর দাস হয়ে গেছো। আমি এর দাস হব না, এটা মনে স্পষ্টভাবে গেঁথে নাও।”
প্রধানমন্ত্রী আরও বলেন, “আমি আনন্দিত যে স্কুলের শিক্ষার্থীরা বিকশিত ভারত নিয়ে ভাবছে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে হলে, অর্থাৎ একটি বিকশিত দেশে পরিণত হতে হলে, আমাদের শুধু উন্নত দেশগুলির অভ্যাস নিয়ে কথা বললেই চলবে না, বরং সেই অভ্যাসগুলো নিজেদের মধ্যে গড়ে তুলতে হবে। উদাহরণস্বরূপ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মকানুন মেনে চলা। আমি যদি এগুলো করি, তার মানে আমি অবদান রাখছি।”









