১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ শুক্রবার ২৯ মে ২০২৬
১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ শুক্রবার ২৯ মে ২০২৬

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভবনা, উত্তরবঙ্গে কমবে বৃষ্টি

High News Digital Desk:

তীব্র দাবদাহের পর গত দু’দিনের ঝড়-বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গে। শুক্রবারও দক্ষিণবঙ্গের কলকাতা সহ একাধিক জেলায় কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার বিকেলের পর কলকাতা ও পার্শ্ববর্তী শহরতলি এলাকায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। তবে এদিন দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, এই সপ্তাহের শেষে অর্থাৎ শনি এবং রবিবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সময় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে রবিবারের পর থেকে বৃষ্টির দাপট কমবে। আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে ফের তাপমাত্রার পারদ চড়বে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম আবার ফিরে আসবে।

অন্য দিকে, শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও, সেখানে আর কোনও ভারী বৃষ্টির সতর্কতা নেই। শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও কমবে বলে জানানো হয়েছে।

Scroll to Top