কণ্ঠস্বরের নমুনা (ভয়েস স্যাম্পল) জমা দিতে বুধবার সকালে বাসভবন থেকে বিধাননগর আদালতের উদ্দেশে রওনা দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং সিআইডি আধিকারিকদের সামনে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে।
এই প্রক্রিয়াকে ঘিরে বুধবার সকাল থেকেই বিধাননগর মহকুমা আদালত চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আদালতের বাইরে মোতায়েন রয়েছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বৈধ কারণ ছাড়া কাউকে আদালত চত্বরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকেও নজর রাখছে প্রশাসন।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারের সময় ডিজে-সংক্রান্ত একটি মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার তদন্ত করছে সিআইডি। তদন্তের স্বার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় তদন্তকারী সংস্থা। আদালত সেই আবেদন মঞ্জুর করে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয়। একই সঙ্গে জানিয়ে দেয়, তদন্ত চলাকালীন তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।










