৬ আষাঢ় ১৪৩৩ সোমবার ২২ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩ সোমবার ২২ জুন ২০২৬

কংগ্রেসের লালবাজার অভিযানে পুলিশের বাধা, সাময়িক আটক মান্নান-প্রদীপরা

প্রতিবেদক :অভিষেক সিংহ

কলকাতা : আরজি কর কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের লালবাজার অভিযান। পথে নামলেন আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তীরা। বুধবার দুপুরে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল।

গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে যে নারকীয় হত্যালীলা সংঘটিত হয়, তার চরম নিন্দা করেছে কংগ্রেস। পুলিশের ক্রিয়াকলাপ নিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেছেন কংগ্রেসের নেতা থেকে কর্মী ও সমর্থক, সকলেই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ক্ষোভ গোপন রাখেননি তাঁরা। পথে নেমে সেই রোষানলেরই বিচ্ছুরণ ঘটালেন আব্দুল মান্নানরা।

বুধবার বেলা গড়াতেই শুরু হয় লালবাজার অভিযানের তোড়জোড়। কংগ্রেস নেতারা জড়ো হন মিছিল করতে। হাত চিহ্নের কর্মী ও সমর্থকরা যোগ দেন একে একে। এরপর ফিয়ার্স লেন ধরে লালবাজারের দিকে এগোয় মিছিল। কিন্তু বেশি দূর এগোনো সম্ভব হয়নি তাঁদের পক্ষে। দুপুরের কিছুটা সময় গড়ানোর পর, সেই মিছিল আটকায় পুলিশ। তবে বিন্দুমাত্র দমে যাননি কংগ্রেসের নেতা ও কর্মী-সমর্থকরা। পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তাঁরা। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। এরপরই পুলিশের সঙ্গে শুরু হয় কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি। আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যদের আটক করে পুলিশ।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের ডাক দেওয়া হয়েছিল কংগ্রেসের তরফ থেকে। পুলিশি বাধার মুখে পড়ে রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখান নেতাকর্মীরা। কংগ্রেসের এদিনের কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হয় যথারীতি। পুলিশের বাধার নিন্দায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতানেত্রী।

Scroll to Top