দীর্ঘদিন রেশনের পণ্য নেননি? এবার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার রেশন কার্ড। সূত্রের খবর প্রায় ১.৫৮ কোটি রেশন কার্ড নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করা হতে পারে কেন্দ্রের তরফে! জানা যাচ্ছে, দীর্ঘ সময় ধরে যাঁদের রেশন কার্ড ব্যবহৃত হয়নি, সেই ‘সাইলেন্ট’ রেশন কার্ডগুলিকে নিষ্ক্রিয় রেশন কার্ড হিসাবে গণ্য করা হবে। এই রেশন কার্ডগুলি ১ অক্টোবর থেকে অচল হয়ে যাবে।
জানা গিয়েছে, শুধুমাত্র যাঁদের প্রয়োজন, সেই সমস্ত উপভোক্তাই যাতে রেশনের সুবিধা পান, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা টানা ছ’মাস বা তার বেশি সময় ধরে রেশন দোকান থেকে কোনও পণ্য নেননি, তাঁদেরই সাইলেন্ট কার্ড হোল্ডার হিসাবে গণ্য করা হবে। পাশাপাশি, মৃত, স্থানান্তরিত বা ভুয়ো উপভোক্তাদের বাদ দেওয়াও কেন্দ্রের লক্ষ্য। তবে রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলেও গ্রাহকরা আরও একবার সুযোগ পাবেন তা সক্রিয় করার।
সূত্রের খবর, ১ অক্টোবর থেকে আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত গ্রাহকরা ই-কেওয়াইসির মাধ্যমে রেশন কার্ড ফের সক্রিয় করতে পারবেন। রেশন কার্ডধারীদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড ও পিডিএসের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। এরপরই ভুয়ো ও নিষ্ক্রিয় রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়া শুরু হবে। অনেকে রেশন কার্ড তৈরি করেছেন অন্যান্য সরকারি পরিষেবা পাওয়ার জন্য। তাঁরা পিডিএস সিস্টেমের মাধ্যমে রেশন নেন না। এই ধরনের গ্রাহকদের চিহ্নিত করতে এবং অযোগ্য কার্ড হোল্ডারদের এই পরিষেবা থেকে বাদ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।










