প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমরনাথ তীর্থযাত্রার সূচনা উপলক্ষে দেশ-বিদেশের সকল শিবভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি কামনা করেছেন যে, বাবা বরফানির দিব্য দর্শনের এই পবিত্র যাত্রা যেন সমস্ত ভক্তদের জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য বয়ে নিয়ে আসে।
প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লিখেছেন, পবিত্র শ্রী অমরনাথ যাত্রার সূচনা উপলক্ষে সমস্ত শিবভক্তদের অনন্ত শুভেচ্ছা। বাবা বরফানির দিব্য দর্শনের এই যাত্রা আপনাদের সকলের জীবনে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং সুস্বাস্থ্য নিয়ে আসুক। জয় বাবা বরফানি।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী ভগবান অমরনাথের মহিমা বর্ণনা করে একটি সুভাষিতম্ শেয়ার করেছেন,
বাগবুদ্ধিচিত্তকরণৈশ্চ তপোভিরুগ্রৈঃ
শাক্যং সমকলয়ৈতুম্ ন যদীয়রূপম্।
তং ভক্তিভাবসুলভং শরণং নতানাং
নিত্যং ভজাম্যমরনাথমহং দয়ালুম্॥
এই সুভাষিতম্-এর অর্থ হলো, ভগবান অমরনাথের প্রকৃত স্বরূপ বাণী, বুদ্ধি, মন অথবা কঠোর তপস্যার জোরেও সম্পূর্ণরূপে জানা বা বোঝা সম্ভব নয়। তিনি শুধুমাত্র একনিষ্ঠ ভক্তি ও নিষ্ঠাবান ভক্তদের কাছেই সহজলভ্য। এমন করুণাময় ভগবান অমরনাথের শরণে থেকে তাঁর নিত্য স্মরণ ও আরাধনা করাই একজন ভক্তের পরম সৌভাগ্য।










