২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, ফুটপাথ দখলমুক্ত করতে ভাঙা হলো অস্থায়ী শেড

High News Digital Desk:

বৃহস্পতিবার সাতসকালে নজিরবিহীন প্রশাসনিক তৎপরতায় চাঞ্চল্য ছড়াল কালীঘাট পটুয়াপাড়ায়। এদিন ভোর থেকেই ১২১ কালীঘাট রোডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের মূল গেটের বাইরে পৌঁছে যায় কলকাতা পুরসভার বুলডোজার। সাধারণ মানুষের ফুটপাথ দিয়ে চলাফেরার পথ সুগম করতে বাড়ির সামনের ফুটপাথ জুড়ে থাকা অস্থায়ী শেড ও কাঠামো খুলে নেওয়ার কাজ শুরু করে পুরসভা। পুরো প্রক্রিয়াকে ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ও পিছনের রাস্তা সহ গোটা পটুয়াপাড়া চত্বরে বিপুল সংখ্যক কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুরসভা ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই পুরসভার শীর্ষ আধিকারিক ও কর্মীরা একাধিক গাড়ি ও বুলডোজার নিয়ে কালীঘাট রোডে উপস্থিত হন। এরপরই বাড়ির গেট সংলগ্ন ফুটপাথের ওপর থাকা অস্থায়ী শেডটি খোলার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, ফুটপাথ জুড়ে এই অস্থায়ী কাঠামো তৈরি থাকার কারণে নিত্যদিন সাধারণ মানুষের চলাফেরায় চরম অসুবিধার সৃষ্টি হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই ফুটপাথ দখলমুক্ত করার এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, এই অস্থায়ী কাঠামো প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা সংক্রান্ত কারণে রাজ্য পুলিশের ডিরেক্টরেট অফ সিকিউরিটির পক্ষ থেকেই ওই অস্থায়ী শেডটি তৈরি করা হয়েছিল। বুলডোজার অভিযানকে কেন্দ্র করে গোটা এলাকায় সকাল থেকেই কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে কালীঘাট রোডের একাংশ। এলাকায় যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা জমায়েত তৈরি না হয়, সে জন্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিজে দাঁড়িয়ে থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি চালাচ্ছেন।

Scroll to Top